মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২২:৫৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১২:১২ পিএম
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের সব গ্রামে চাল বিতরণ করা হলেও রামনগর ও ভবানীপুর (৮ নম্বর ওয়ার্ড) গ্রামের শতাধিক হতদরিদ্রের মাঝে কোনো চাল বিতরণ করা হয়নি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমানের স্বেচ্ছাচারিতায় এমনটা হয়েছে বলে অভিযোগ।
মোনাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শনিবার (২৪ জুন) থেকে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, চাল বিতরণের জন্য পূর্বেই প্রতিটি ওয়ার্ডের সদস্যদের মাধ্যমে স্লিপ বিতরণ করা হলেও ৮ নম্বর ওয়ার্ডে কোনো স্লিপ দেওয়া হয়নি। তাদের বঞ্চিত করা হয়েছে। ইউপি সদস্য তাদের চাল দেওয়ার আশ্বাস দিলেও খালি হাতে ফিরে গেছেন।
রামনগর গ্রামের বিধবা বেদানা খাতুন বলেন, ‘আমরা দুই গ্রামের মানুষ চালের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু চাল পাইনি। গত রোজার ঈদেও চাল পাইনি, বরং ইউনিয়ন পরিষদের লোকজনের ধমকে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছি।’
৮ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিবছর চাল দেওয়ার তালিকা করা হলেও এবার তা করা হয়নি। আমার ওয়ার্ডে কেউ চাল পায়নি। বিষয়টি চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারকে জানিয়েছি।’
ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখানে এক হাজার জনকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। আমার দায়িত্ব স্লিপ নিয়ে এসে চাল সঠিক মাপে পাচ্ছে কি না, তা দেখা। কে পাইল, না পাইল, সেটা চেয়ারম্যান-মেম্বারদের ব্যাপার।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘৮ নম্বর ওয়ার্ডের মেম্বার অন্য মতাদর্শের হওয়ায় তাকে স্লিপ দেওয়া নিষেধ আছে।’