জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২২:৪২ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১২:৪৬ পিএম
আবু রাশেদ আলমগীর। ছবি : প্রবা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ জুলাই এ ইউনিয়নে ভোটগ্রহণের কথা।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার (২৫ জুন)। বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মো. কুতুবুজ্জামান সরদার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোফাজ্জল হোসেন, মো. আশরাফ আলী ও মো. আবদুল আওয়াল মণ্ডল তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগের আবু রাশেদ আলমগীর। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বড়াইল ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আনিছার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আজ একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি।