আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২০:০৩ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩ ২০:৫৩ পিএম
প্রতীকী ছবি।
পটুয়াখালীর দশমিনায় স্ত্রী-কন্যাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ইমতিয়াজ আহমেদ ইমরানের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (২৫ জুন) সকালে উপজেলার আলীপুর ইউনিয়নের সুতাবাড়িয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ইমরান।
বিষয়টি নিশ্চিত করে দশমিনা ফায়ার সার্ভিসের লিডার তাহেরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ইমরানের লাশ নদীতে ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে।
নিখোঁজের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ইমরান শুক্রবার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের নানাবাড়িতে বেড়াতে আসেন। শনিবার বিকালে নদীর পাড়ে বেড়াতে গেলে স্ত্রী ফারহানা মুন্নী ও কন্যা ইলমা নদীতে পড়ে যায়। স্ত্রী-কন্যাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন ইমতিয়াজ। নদীর পাড়ে থাকা লোকজন তাদের উদ্ধারে নদীতে নেমে স্ত্রী-কন্যাকে উদ্ধার করতে পারলেও ইমরান নিখোঁজ হন। খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস। শনিবার রাত ১২টা পর্যন্ত উদ্ধার করতে না পেরে অভিযান সাময়িক বন্ধ রাখে।
ইমতিয়াজ আহমেদ ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার।