শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৯:১৬ পিএম
বাগেরহাট জেলা পরিষদ। প্রবা ফটো
এলাকাবাসীর প্রতিবাদের মুখে বাগেরহাটের শরণখোলায় শতবর্ষী পুকুরে মার্কেট নির্মাণ স্থগিত করেছে জেলা পরিষদ। রবিবার (২৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা।
তিনি জানান, জেলা পরিষদ জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার (২৪ জুন) সন্ধ্যায় শরণখোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় পুকুর ও জলাশয় রক্ষায় একটি নাগরিক কমিটি গঠন করা হয়। উপজেলার রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এমএ রশিদ আকনকে আহ্বায়ক এবং শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। কমিটির পক্ষ থেকে দুপুরে জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্থায়ীভাবে পুকুরটির ইজারা বাতিলের আবেদন করা হয়েছে।
অপরদিকে শনিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষ থেকে খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল সরেজমিন পরিদর্শন করেছেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ ইজারা বাতিল না করলে বেলা আইনি লড়াই করবে।
শরণখোলার রায়েন্দা বাজারের সংরক্ষিত মিষ্টি পানির পুকুরটিতে মার্কেট নির্মাণের জন্য সাত ব্যক্তির নামে ইজারা বন্দোবস্ত দেয় জেলা পরিষদ। এ খবর জানতে পেরে এলাকাবাসী প্রতিবাদ জানায় স্থানীয়রা। পুকুরের পানি ব্যবহারকারী তিনটি স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ ছাড়া সর্বস্তরের মানুষ ইজারা বাতিলের দাবী জানায়।