রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২১:১৪ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ২১:৫০ পিএম
সংগৃহীত ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪২টি রামদা উদ্ধার করেছে। শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬ নং ওয়ার্ডের বাদল মিয়ার ছেলে বাবলু ও আজাহারের ছেলে মাসুদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জ থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। আহত মাসুদের কোমরের দিকে গুলি ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। বাবলুর ডান পায়ের পাতায় গুলির আঘাত আছে। তবে মাসুদের অবস্থা গুরুতর। দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আধিপত্য বিস্তারের জেরে রায়হান গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।
আহত বাবলু বলেন, ‘চনপাড়ার একটি মাঠের পাশে মাসুদ, সাকিব ও সবুজসহ আড্ডা দিচ্ছিলাম। এ সময় মো. রায়হান, মো. সাব্বির হোসেন, শান্ত, মামুন, কালো ইমনসহ কয়েকজন এসে মাসুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমরা এগিয়ে গেলে পিস্তল দিয়ে গুলি করে তারা। এতে মাসুদের কোমরের পেছন দিকে ও আমার ডান পায়ের পাতায় গুলি লাগে।’
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশীদ বলেন, ’দুপুর ১টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৪ নং ওয়ার্ডের নবকিশালয় স্কুলের সামনে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাসুদ ও বাবলু নামে দুজন গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ’ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর চনপাড়ায় অভিযান পরিচালনা করে ৪২টি রামদা উদ্ধার করা হয়।’
এর আগেও চনপাড়ায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে কয়েক মাস ধরেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র উত্তপ্ত হয়ে রয়েছে। প্রতিনিয়ত চলছে জয়নাল গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, শমসের গ্রুপ, রায়হান গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপসহ কয়েকটি গ্রুপের অস্ত্রের মহড়া। এ ছাড়া চলছে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট।
গত ১১ এপ্রিল জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। পরে ৩০ এপ্রিল পুলিশ চনপাড়ায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। পরে আবারও ১১ মে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সৈয়দ নামে একজন গুলিবিদ্ধসহ তিন পক্ষের ২৪ জন আহত হয়। প্রতিনিয়ত এসব সংঘর্ষের ঘটনার কারণে চনপাড়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছে।