চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২০:৩০ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ২০:৪৭ পিএম
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আনন্দ র্যালি। প্রবা ফটো
মার্কিনরা আবারও বাংলাদেশের ওপর লোলুপ দৃষ্টি দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার (২৩ জুন) বিকালে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে চত্বরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আ জ ম নাছির বলেন, ’বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো ও দাদাগিরি সাম্রাজ্যবাদী আগ্রাসনের অপচেষ্টা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যথার্থ চপেটাঘাত করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের এক ইঞ্চি পরিমাণ জমি কোনো পরাশক্তির কাছে বিক্রি না করার যে প্রত্যয় ঘোষণা করেছেন, তা সত্যিকার অর্থেই গর্বিত বাঙালির আকাঙ্ক্ষার প্রতিফলন।’
তিনি বলেন, ‘অতীতে যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দ্বীপে নৌঘাঁটি নির্মাণ ও সামরিক স্থাপনার জন্য বন্ধক দিতে রাজি ছিলেন না বলেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা করেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য তিনি মার্কিন প্রলোভনকে সাহসভরে প্রত্যাখ্যানের হিম্মত রাখেন। আমরা যারা আওয়ামী লীগ করি, এটাই আমাদের একমাত্র অহংকার ও গর্ব।’
তিনি আরও বলেন, ’আওয়ামী লীগ শুধু বাঙালি জাতি সত্ত্বার নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আবেগ অনুভূতির নাম। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এই সংগঠন সারা বিশ্বের সকল মুক্তিকামী জাতির পথচলার সাহসী ঠিকানা। আওয়ামী লীগ জন্ম থেকে সাধারণ মানুষের সঙ্গেই ছিল এবং জনগণই এর ক্ষমতার উৎস। ১৯৭১ সালে এটা প্রমাণিত হয়েছে।’
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আজ থেকে ৭৪ বছর আগে এই দিনে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শামসুল হকের আহ্বানে ও নেতৃত্বে আওয়ামী লীগের জন্ম হয়। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবন্ধি থাকলেও তাঁর পরামর্শেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব গড়ে উঠেছিল। জন্মের পর আওয়ামী লীগের ৭৪ বছরের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস এবং এ দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াইগুলোতে আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী।
সমাবেশ উপলক্ষে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পুরাতন রেলস্টেশন চত্বর থেকে বের হয়ে স্টেশন রোড, নিউ মার্কেট, দোস্ত বিল্ডিং, কোতোয়ালির মোড়, লালদিঘীর মোড়, বকসির বিট, জুমা মসজিদ, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগী মোড় হয়ে জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।