রাজশাহী অফিস
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৮:১৮ পিএম
সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি : সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর আগে নগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান।
এদিকে হ্যাট্রিক বিজয়ের পর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা পুনঃনির্বাচিত নগরপিতাকে ফুলে ফুলে সিক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে রাজশাহীর উন্নয়নে ও রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করব, ইনশাল্লাহ।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে প্রচণ্ড গরম উপেক্ষা করে নিরসলভাবে কাজ করেছেন। বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’ এ সময় লিটন গণমাধ্যম কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইনবিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল প্রমুখ।