সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৭:৫০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ১৮:২৯ পিএম
প্রতীকী ছবি
চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ভারতের পতিতালয়ে বিক্রির অভিযোগে সাতক্ষীরা থেকে তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে শ্যামনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্যামনগরের মো. ইমরান গাজী, শাবানা সুলতানা ও খুলনার কয়রা থানার আব্দুস সালাম।
সাতক্ষীরা র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব বলেন, ’গ্রেপ্তারকৃত আসামিরা রাজধানীর শ্যামপুর থানার জুরাইন পাইপরাস্তা এলাকার এক নারীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। ওই নারী রাজি হলে তাকে পাচারকারীরা সৌদি আরবে না নিয়ে কৌশলে ভারতের বশিরহাটে নিয়ে যান। এরপর তাকে কলকাতায় পতিতালয়ে বিক্রি করে দেয় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ফয়সাল বাদী হয়ে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা করেন।’
তিনি বলেন, ’গ্রেপ্তারকৃত আসামিদের ঢাকার শ্যামপুর থানায় হস্তান্তর করা হবে। পাচার হওয়া ওই নারীকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে।’
ভুক্তভোগী ওই নারীর বিষয়টি ভারতের একটি এনজিও ‘বিডিএল স্মাইল চাইল্ড’ জানতে পেরে তাকে উদ্ধার করে। বর্তমানে তিন এনজিওটির হেফাজতে রয়েছেন।