রংপুর অফিস
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৬:৫৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ১৭:২২ পিএম
উজানের পাহাড়ি ঢলে বাড়ছে উত্তরের বিভিন্ন নদ-নদীর পানি। প্রবা ফটো
উজান থেকে নেমে আসা ঢলে উত্তরবঙ্গের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুধকুমার নদী ও অন্যান্য নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচে ছিল তিস্তা নদীর পানি।
এ ছাড়া ব্রহ্মপুত্র নদী চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার, নুন খাওয়া পয়েন্টে ৪৫ সেন্টিমিটার, ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে ৪১ সেন্টিমিটার, তালুক শিমুলবাড়ি পয়েন্টে ৭১ সেন্টিমিটার ও দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।