পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৩ পিএম
করতোয়া নদীর দুই পাড়ে দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়। ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় বাড়ানো হয়েছে।
এখন পর্যন্ত চারজন নিখোঁজ ও উদ্ধারকাজ চলমান থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দাখিলের মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়িয়েছে জেলা প্রশাসন
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
দীপঙ্কর রায় জানান, প্রিয়জনকে ফিরে পেতে নদীর ঘাটে এখনও স্বজনহারা কেউ কেউ অপেক্ষা করছেন। উদ্ধারকাজের চতুর্থ দিনে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। তদন্ত কমিটির লোকজন মরদেহ উদ্ধার, হস্তান্তর এবং অর্থসহায়তা দেওয়ার কাজ করছেন। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর আবেদন করা হয়। সবকিছু বিবেচনা করে প্রতিবেদন দাখিলের সময় তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। নিখোঁজ চারজন উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে।
বুধবার ভোর থেকে চতুর্থ দিনের মতো করতোয়া নদীর আউলিয়ার ঘাটে শুরু হয় উদ্ধার কার্যক্রম। দুপুর ১টা পর্যন্ত আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানান তিনি।
গত রবিবার শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে দুপুরে বোদা উপজেলার আউলিয়ার ঘাট থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর ডুবে যায়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিনে ৬৮ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা।
মৃত ৬৮ জনের মধ্যে নারী ৩০, পুরুষ ১৭ ও ২১টি শিশু রয়েছে। তবে এখনও দুজন পুরুষ, একজন যুবক ও এক শিশু নিখোঁজ রয়েছে। মৃতদের মধ্যে ৪৪ জনের বাড়ি জেলার বোদা উপজেলায়। তা ছাড়া দেবীগঞ্জের ১৮, আটোয়ারীর দুই, ঠাকুরগাঁও সদরের তিন ও পঞ্চগড় সদরের একজন রয়েছে।
পুলিশ জানায়, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপর পাড়ে বোদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মসভার আয়োজন করা হয়। রবিবার দুপুরের দিকে ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মাবলম্বীরা নৌকাযোগে নদী পার হচ্ছিলেন।
স্থানীয়রা জানান, ৫০ থেকে ৬০ জনের ধারণক্ষমতার ওই নৌকায় শতাধিক যাত্রী ছিল। এ কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে উঠলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা ডুবে যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রবা/রাই/টিকে /এমআই