গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৩:৫২ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ১৪:০১ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় শাহিদুর রহমান নামে এক বিজিবি সদস্যের নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ বিজিবি সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য শাহিদুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। এ ঘটনায় নায়েক মো. জহির , নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী ও সিপাহী সংগ্রাম আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক সাহিদুর রহমান নিহত হন এবং ছয় বিজিবি সদস্য আহত হন। নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন এবং তার সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে।