খুলনা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩ ২২:২১ পিএম
খুলনায় ‘এক বিশ্ব, এক স্বাস্থ্যের অনুরণন’ প্রদিপাদ্যকে সামনে রেখে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ (ইয়োগা) দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে মহানগরীর সামছুর রহমান রোডের সহকারী হাইকমিশন অফিস চত্ত্বরে দিবসটি পালনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর। তিনি বলেন, ‘যোগব্যায়াম শুধু শারীরিক অনুশীলন নয়, এটি ভারসাম্যপূর্ণ উপায়ে একজন ব্যক্তির মন, সুস্বাস্থ্য ও সকল অভ্যন্তরীণ শক্তির পূর্ণ বিকাশ ঘটায়। যা মানুষকে কাজে অনুপ্রেরণা যোগায়। সুস্থ্ ও সবল থাকতে যোগব্যায়াম অনুশীলনের গুরুত্ব রয়েছে।
পরে যোগ অনুশীলন পরিচালনা করেন রাবেয়া খাতুন অর্থি। অনুষ্ঠানে যোগব্যায়ামের বিভিন্ন আসন, মুদ্রা, অনুশীলন ও কলাকৌশল প্রদর্শন করা হয়। ৫০ মিনিটের এই অনুশীলন পর্বে ২০টির অধিক যোগাসন প্রদর্শন করা হয়। যেগুলো নিয়মিত অনুশীলন করলে মানুষ শারিরীক ও মানসিকভাবে সুস্থ ও রোগমুক্ত থাকতে পারে।
রাবেয়া খাতুন অর্থি বলেন, ‘সর্বাঙ্গীণ সুস্থতার জন্য যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু শারিরীক ব্যায়াম নয়, মনকেও সুস্থ রাখে। মানুষ এখন ব্যস্ত জীবনে বিভিন্ন অসুখ, বিষণ্নতা ও মানসিক অবসাদে ভুগছেন। এ অবস্থায় যোগব্যায়াম করলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, গনমাধ্যম প্রতিনিধি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে ভাষণে ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’ ঘোষণার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করে। পরে সেই বছরের ১১ ডিসেম্বর জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৫ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।