টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ০৯:৩২ এএম
আপডেট : ২০ জুন ২০২৩ ১১:৩৫ এএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি স্কুলের নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জনি মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) রাতে উপজেলার লাউহাটি বাজারে এ ঘটনা ঘটে।
জনি মিয়া উপজেলার হেরেন্দ্রপাড়ার বাদশা মিয়ার ছেলে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, কয়েক দিন আগে লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লাউহাটি ও হেরেন্দ্রপাড়ার দুজন প্রার্থী ওই নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার দিন ফলাফল ঘোষণা করে হেরেন্দ্রপাড়ার ফলপ্রার্থীর নাম ঘোষণা দেয় স্কুল কর্তৃপক্ষ। এ সময় লাউহাটির লোকজন অনৈতিকভাবে নিয়োগ হওয়ার অভিযোগ করেন। পরে এ ঘটনা কেন্দ্র করে দুই পাড়ার লোকজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। ঘটনার তিন দিন পর একই বিষয় নিয়ে দুই পাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি আরও জানান, এর জেরে সোমবার রাতে লাউহাটি সিএনজি স্ট্যান্ডে হেরেন্দ্রপাড়ার জনিকে দাঁড়িয়ে থাকতে দেখে লাউহাটির কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে আক্রমণ করে। লোকজন এগিয়ে গেলে তারা চলে যায়। জনিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।