সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২৩:৩৬ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩ ২৩:৩৭ পিএম
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রাণ হারানো মাহবুবা রহমান আঁখিকে কুমিল্লার লাকসাম পৌরসভার গাইনের ডহরা গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। তার পাশেই দাফন করা হয়েছে নবজাতককে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকা থেকে মরদেহ গ্রামে এসে পৌঁছালে বাদ এশা তাকে দাফন করা হয়।
এর আগে তাদের মরদেহ নিয়ে আসার খবরে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষ ভিড় করে আঁখিদের বাড়িতে। মরদেহ বাড়িতে নেওয়ার পর কান্নার আওয়াজে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। অজ্ঞান হয়ে যান আঁখির মা।
গাইনের ডহরা গ্রামের পাশের গ্রাম কৃষ্ণপুরের বাসিন্দা মোর্শেদুল আলম বলেন, পাশের গুনতি, কইয়ারপাড়, তালতলা, দিঘিরপাড়, নরপাটি, উত্তরকূল ও আজগরাসহ প্রায় ১০ গ্রামের মানুষ এই বাড়িতে এসেছেন। মেয়েটার এভাবে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছে না।
আঁখির চাচাতো ভাই মো. শাখাওয়াত হোসেন বলেন, এক গাড়িতে বোন আর ভাগিনা ইরহাম আবদুল্লাহ আরাফের মরদেহ এনেছি। মৃত অবস্থাতেই তার নাম রেখেছি আমরা।
তিনি জানান, আঁখির বাবা পুলিশের সাবেক উপপরিদর্শক মাহাবুবুর রহমান মজুমদার ঢাকার পান্থপথ এলাকায় কর্মরত অবস্থায় ১৯৯৯ সালে একমাত্র সন্তান আঁখিকে রেখে মারা যান।