কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২২:৫৫ পিএম
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শরীফুল ইসলাম। ছবি : প্রবা
কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়ায় বাড়িঘর ভাঙচুর করে আসবাবসহ অর্ধকোটি টাকার মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। জমি দখলের চেষ্টাও করছে চক্রটি। কাঁচা ঘর ভাঙার ঘটনায় মামলা করায় অভিযুক্তরা পাকা ভবনের ইটও খুলে নিয়ে যায়। বাড়ির মাটি ছাড়া কিছু রেখে যায়নি। সোমবার (১৯ জুন) শহরের একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শরীফুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ২১ মে থেকে টানা তিন দিন তাদের বাড়িতে আরিফুর রহমানসহ ২৫-৩০ জন হামলা চালায়। তাদের রান্নাঘর ও টিনের ঘর ভাঙচুর করে। ঘরের আসবাবপত্র নিয়ে যায়। ২৫ মে হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। মামলা করায় ৩১ মে আরিফুর রহমানসহ তার বাহিনী বাড়িতে পুনরায় এসে একটি আধাপাকা ঘর ও একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। ঘরে থাকা ফ্রিজ, খাট, শোকেস, সোফা, আলমারি, টেবিল, চেয়ার, ফ্যানসহ ঘরের সবকিছু খুলে নেয়। তিন শতাধিক গাছ কেটে ও পুকুরের মাছ ধরে নিয়ে যায় তারা। যার ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। পরে ৯৯৯-এ কল দিয়ে সহায়তা চাইলে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে আসেন। পরিবারের সদস্যদের অভিযুক্তরা নানা রকম হুমকি দিচ্ছে বলেও জানান শরীফুল ইসলাম।
অভিযোগের বিষয়ে আরিফুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তার বাবা এই বাড়ি নিলামে কিনেছেন। তারা বাড়িঘর ভাঙচুর করেছেন এখানে নতুন করে ঘর তুলতে।’ তবে ভুক্তভোগী শরীফুল ইসলামের দাবি বাড়ির জমিটি তার মায়ের সম্পত্তি।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বাড়ি ভাঙচুরের ঘটনা সত্য। এই জায়গাটি বেশ কয়েক বছর আগে বাদীর বাবা বিক্রি করে দিয়েছেন বলে বিবাদীরা দাবি করছেন। যাচাই করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।