ফারহানা বহ্নি, হবিগঞ্জ থেকে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:২৫ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ০০:০২ এএম
হবিগঞ্জে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ দাবিতে সাইকেল শোভাযাত্রা। ছবি : প্রবা
'আমিই রামনাথ'—এ প্রতিপাদ্য নিয়ে শতাধিক তরুণ সাইক্লিস্ট হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং ২২ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তাদের সঙ্গে শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাজির হন। দখলদার ওয়াহেদ মিয়ার পরিবারের সদস্যদের সামনে দাঁড়িয়ে তারা সেখানে পাঠাগার ও সাইকেল মিউজিয়াম বানানোরও দাবি জানান।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আয়োজনে হবিগঞ্জ টাউন হল থেকে তারা এ শোভাযাত্রা শুরু করেন।
সম্প্রতি খবর সংগ্রহ করতে গিয়ে রামনাথ বিশ্বাসের বসতভিটায় হামলার শিকার হন বিশিষ্ট সাংবাদিক রাজীব নূরসহ আরও কয়েকজন সাংবাদিক। পরে আবারও আলোচনায় আসে রামনাথের বসতভিটা পুনরুদ্ধারের বিষয়টি। এ দাবি নিয়ে রামনাথের বাড়িতে বিভিন্ন জেলা থেকে হাজির হন শতাধিক সাইক্লিস্ট, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ঢাকা থেকে আসা নভেরা গ্রুপের সাইক্লিস্ট কারিশমা খুরশীদ বলেন, ‘রামনাথের হয়ে আমরা এসেছি এই বাড়ি দখলমুক্ত করতে। সাইকেল নিয়ে ভ্রমণ তাকে দিয়েই শুরু। তাকে নিয়ে জানার পর আমাদের মনে হলো লোকটার জন্য আমাদের কিছু করা উচিত।’
নবীগঞ্জ থেকে আসেন সাইক্লিস্ট মাজহারুল ইসলাম তারেক। দুই বছর আগে তিনি ও তার বন্ধুরা রামনাথ বিশ্বাসের বাড়ি দেখতে এসে মারধরের শিকার হন। তিনি বলেন, ‘আমরা সেদিন এখানে আসলে আমাদের বলা হয়, এটা রামনাথের কিছু না। আমরা কেন এসেছি? আমাদের মারধর করা হয়। আমরা চাই এখানে রামনাথের নামে কিছু হোক। যেন তরুণ প্রজন্ম জানতে পারে রামনাথ বিশ্বাসকে।’
নারায়ণগঞ্জ থেকে আসা সাইক্লিস্ট ঈশিতা বলেন, রামনাথ বিশ্বাস শতবর্ষ আগে বাইসাইকেলে বিশ্বঘুরে যে ইতিহাস গড়েছেন, সে ইতিহাস রক্ষা করতে চান তারা। এ আন্দোলনের মাধ্যমে তারা নতুন করে রামনাথকে আবিষ্কার করেছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে শোভাযাত্রায় অংশ নেওয়া ফাহিম মুনতাসীর বলেন, ‘আমরা মনে করি রামনাথ বাঙালির গর্ব। তার বসতভিটা দখল হয়ে থাকার ঘটনা লজ্জার। তার বসতভিটা দখলমুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাই।’
রামনাথের বসতভিটা পুনরুদ্ধার কমিটির যুগ্ম আহ্বায়ক নাট্যকার ও কথাসাহিত্যিক রুমা মোদক বলেন, ‘সব দেশ তাদের ঐতিহ্য লালন করে। আর আমরা সেটাকে ধ্বংস করি। রামনাথ বিশ্বাসের স্মৃতি ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে তার কথা জানাতে আমরা তার বাড়ি দখলমুক্ত করে এখানে একটি পাঠাগার ও জাদুঘর বানাতে চাই।’
এর আগে সূচনা পর্বে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘রামনাথ বিশ্বাসের বসতভিটার দলিলপত্র প্রশাসনের দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এ সাইকেল র্যালির ব্যাপারেও জেলা আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করছে।’
র্যালিতে শুভেচ্ছা জানান হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনিরুদ্ধকুমার ধর শান্তুনু, গ্রুপ থিয়েটার ফেডারেশনের ইয়াছিন খানসহ অনেকে। র্যালিতে অংশ নেন হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নবীগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন জায়গা থেকে আসা সাইক্লিস্টরা।
গত ১১ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ে রামনাথ বিশ্বাসের বসতভিটা সম্পর্কে খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দখলদার ওয়াহেদ মিয়া ও তার পরিবারের হামলায় আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। এ ঘটনার পর প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। প্রতিবাদী মানববন্ধন এবং সমাবেশে দাবি ওঠে দখলদারের হাত থেকে রামনাথের বসতভিটা পুনরুদ্ধার করে সেখানে পাঠাগার এবং সাইকেল মিউজিয়াম করে রামনাথের স্মৃতি রক্ষার।
আন্দোল সচল রাখার লক্ষ্যে লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিকর্মীরা মিলে গঠন করেন ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’। এ কমিটি রবিবার হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করে। সোমবার বিকাল ৪টায় বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনের সঙ্গে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এর আগে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দেশের খ্যাতিমান ১০০ নাগরিক গণমাধ্যমে বিবৃতি দিয়ে রামনাথের বাড়ি পুনরুদ্ধারের দাবি জানান।
রামনাথের বাড়ি আগে একবার দখলমুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন পুনরুদ্ধার কমিটির সদস্য শাহেদ কায়েস। তিনি বলেন, একজন ইউনিয়ন পরিষদ সদস্য বাড়িটি দখলমুক্ত করেছিলেন। পরে বাড়িটি আবার বেদখল হয়ে যায়।
প্রতিনিধি/টিকে/ এমআই