চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২১:৩৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩ ২১:৪১ পিএম
গবেষকরাই ইতিহাসকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
রবিবার (১৮ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত সাংবাদিক মুহাম্মদ শামসুল হকের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম চৌধুরী, ‘প্রকৃত গুণীরা পদকের জন্য কাজ করেন না। তাদের একাগ্রতার মধ্যদিয়ে একদিন স্বীকৃতি অর্জিত হয়। গবেষকরা হারিয়ে যাওয়া বিষয়কে জাগিয়ে তুলেন। তাদের কাজ ইতিহাসকে বাঁচিয়ে রাখে। নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তারা সাধনায় নিয়োজিত থাকেন। পরবর্তী প্রজন্মকে পথ দেখান। গবেষণা কাজে অর্থের প্রয়োজন। আবার যাদের অর্থ আছে তারা এমন কাজে নিয়োজিত থাকেন না। তারা অর্থের পেছনে মগ্ন।’
তিনি আরও চৌধুরী বলেন, ‘ইতিহাস চর্চা একটা দূরূহ কাজ। অথচ সাংবাদিক শামসুল হক দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে সেই কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। নানা পরিস্থিতির মধ্যেও তিনি নিরবিচ্ছিন্নভাবে কাজ করায় রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পদকে ভূষিত হয়েছেন। এতে চট্টগ্রামের মেয়র হিসেবে পুলকিত। তার গবেষণাকে এগিয়ে নিতে আমার সহযোগিতা থাকবে।’
সংবর্ধিত মুহাম্মদ শামসুল হক বলেন, ‘পাকিস্তানের শোষণ ও মুক্তিযুদ্ধে তাদের নির্মমতা এবং স্বাধীনতাপরবর্তী সময়ে ইতিহাস বিকৃতি আমাকে গবেষণাকর্মে উজ্জীবিত করেছে। সাংবাদিকতা পেশায় এসে এই কাজে আরও বেশি মনোযোগী হয়েছি। আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সরকারের আমলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে গবেষণামূলক বিভিন্ন প্রকাশনা বের করেছি। তা নিয়ে এই পর্যন্ত বিতর্কের সুযোগ হয় নি। নানা টানাপোড়েনের মধ্যেও এই দূরূহ কাজ থেকে বিচ্যুত হইনি। আনুষ্ঠানিকভাবে আমাকে সংবর্ধিত করায় চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞ।’
প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী প্রমুখ।
সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, ‘মুহাম্মদ শামসুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি সাংবাদিকসমাজ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের জন্য গৌরবের। তার কর্মের মাধ্যমে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। তার সাংবাদিকতা ও গবেষণা অন্যান্যদের প্রেরণা জোগাবে।’
প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য আইয়ুব আলী, জসীম চৌধুরী সবুজ, স্থায়ী সদস্য ওমর কায়সার, কামরুল হাসান বাদল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।