ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৯:২৫ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩ ১৯:৪৮ পিএম
ময়মনসিংহের ভালুকায় এক পোশাককর্মীকে ধর্ষণে ব্যর্থ হয়ে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
ময়মনসিংহের ভালুকায় এক পোশাককর্মীকে ধর্ষণে ব্যর্থ হয়ে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—বাসচালক রাকিব, হেলপার আরিফ ও সুপারভাইজার আনন্দ দাস।
রবিবার (১৮ জুন) ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য জানান।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জুন) রাতে রিদিশা গার্মেন্টসের কর্মী শামছুন্নাহার গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে ডিউটি শেষে হাইওয়ে মিনিবাসে চড়ে ভালুকায় আসছিলেন। পথে বাসের চালক রাকিব, হেলপার আরিফ ও সুপারভাইজার আনন্দ দাস তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শামছুন্নাহার চিৎকার শুরু করলে ধর্ষণে ব্যর্থ হয়ে অভিযুক্তরা তাকে ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দেয়।
খোঁজ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শামছুন্নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রবিবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ত্রিশাল এলাকা থেকে বাসচালক রাকিব, হেলপার আরিফ ও সুপারভাইজার আনন্দ দাসকে আটক করে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।