বগুড়া অফিস
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৬:৩৭ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩ ১৮:২৪ পিএম
আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত
আদালত থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তিনি বলেছেন, ‘বগুড়ার মতো এখানেও আমার প্রার্থিতা বাতিল করা হলো। তবে নিরাশ হইনি। প্রার্থিতা ফিরে পেতে আমি অবশ্যই আদালতে যাব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোর্টে গেলেই প্রার্থিতা ফিরে পাব। কারণ সব প্রমাণ আমার কাছে আছে।’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে প্রতিদিনের বাংলাদেশকে এসব কথা জানান স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।
এর আগে দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের প্রমাণ না পাওয়ার কারণ দেখিয়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ওনারা যে ভোটারের সংখ্যার কথা বলেছে, তা আমি দিয়েছি। তারা নাকি আমার ১০টা ভোটারও খুঁজে পায়নি। নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন করা হয়, তারা নাকি আমার ভোটার খুঁজে পায় না। তখন আমি নিজেই তাদের সহযোগিতা করি। আমরা এক মাস ধরে ৩ হাজার ৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি। অথচ তারা পেল না। আমার ভোটারদের তারা ভালো করে খোঁজেনি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি নিয়ে চিন্তিত নই। আমার প্রচার অব্যাহত থাকবে।’
বারবার এমন হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘যেহেতু কোনো দলে যাওয়ার ইচ্ছা নেই, তাই বগুড়াতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করব। এজন্য সিদ্ধান্ত নিয়েছি, এরপর থেকে নিজেই ভোটারদের তালিকা তৈরি করে স্বাক্ষর নেব।’
এর আগেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান।