হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩১ পিএম
কিংবদন্তি ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধার ও সেখানে জাদুঘর স্থাপনের দাবিতে সাইকেল শোভাযাত্রার সমর্থনে প্রতীকী অনশন করেছেন সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের বানিয়াচং শহরের শদীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তিনি। দেবব্রত বিঞ্চু প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র সহকারী সম্পাদক । তার সঙ্গে সংহতি জানিয়ে সেখানে অবস্থান নেন স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের সুধিজন।
দেশের বিভিন্ন অঞ্চলের সাইক্লিস্টরা গতকাল সকালে হবিগঞ্জ শহরের টাউন হল থেকে সাইকেল শোভযাত্রা নিয়ে দুপুরে বানিয়াচং পৌঁছান। এটি আয়োজন করে ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ নামে একটি নাগরিক সংগঠন। পথে পথে মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন।
শোভাযাত্রা নিয়ে বানিয়াচং যাওয়ার পথে সাইক্লিস্টরা ভূপর্যটক রামনাথ বিশ্বাস সম্পর্কে মানুষকে অবগত করেন এবং তার স্মৃতিবিজড়িত বাড়িটি পুনরুদ্ধারের দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাইক্লিস্টরা বানিয়াচং শহরের শদীদ মিনারে পৌঁছালে তাদের স্বাগত জানান স্থানীয় জনতা। এ সময় বাইসাইকেল শোভাযাত্রার সমর্থনে শহীদ মিনারে প্রতীকী অনশনরত সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর অনশন ভাঙানো হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির সভাপতি, ভূপর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল। বক্তরা রামনাথের বসতভিটা উদ্ধার করে সেখানে জাদুঘর স্থাপনে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে এ কাজে প্রশাসনের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রবা/রাপা