হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৯ পিএম
হবিগঞ্জ শহরের পৌর টাউন হলের সামনে শোভাযাত্রা উদ্বোধন। ছবি : সংগৃহীত
কিংবদন্তি ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধার ও সেখানে জাদুঘর স্থাপনের দাবিতে বাইসাইকেল শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের পৌর টাউন হলের সামনে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শেষ হয় বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণে। এটি আয়োজন করেছে ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ নামে একটি নাগরিক সংগঠন। এতে দেশের বিভিন্ন এলাকার সাইক্লিস্টরা অংশ নিয়েছেন। পথে পথে মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন।
শোভাযাত্রা নিয়ে বানিয়াচং যাওয়ার পথে সাইক্লিস্টরা ভূপর্যটক রামনাথ বিশ্বাস সম্পর্কে মানুষকে অবগত করেন এবং তার স্মৃতিবিজড়িত বাড়িটি পুনরুদ্ধারের দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গতকাল দুপুরে সাইক্লিস্টরা বানিয়াচং উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান স্থানীয় জনতা। এ সময় বাইসাইকেল শোভাযাত্রার সমর্থনে শহীদ মিনারে প্রতীকী অনশনরত সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর অনশন ভাঙানো হয়।
শোভাযাত্রার আগে হবিগঞ্জ পৌর টাউন হলের সামনে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির সভাপতি, ভূপর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বানিয়াচং উপজেলার উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণপাড়ায় অবস্থিত রামনাথ বিশ্বাসের বাড়ি দখল করে রেখেছেন স্থানীয় ওয়াহেদ মিয়া ও তার পরিবারের লোকজন। দখলদার ওয়াহেদ মিয়া আলবদর পরিবারের সদস্য। পরে তিনি কৌশলে আওয়ামী লীগে যোগ দিয়ে রীতিমতো ওয়ার্ড কমিটির সভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। দলীয় পরিচয়ের জোরে রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, সাইক্লিস্ট ও সাংবাদিকের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছেন।
বক্তারা বলেন, বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনি লেখক রামনাথ বিশ্বাসের বাড়িটি দেশের ঐতিহ্য। মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবসে এ ঐতিহ্য রক্ষার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে নেমেছে। শিগগির দখলদারদের কবল থেকে বাড়ি পুনরুদ্ধার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিকালে বানিয়াচং শহীদ মিনারে সমাবেশ হয়। সেখান থেকে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
প্রবা/রাপা/ এসআর