রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৩:২৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩ ১৪:৩২ পিএম
সাজেক। প্রবা ফটো
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ানপাড়ায় আবারও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।
মৃত দুজন হলেন বাহন ত্রিপুরা ও তার স্ত্রী মেলাতি ত্রিপুরা।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত দুজন সাজেকের বেটলিংয়ের নিউ নাংথাংপাড়ার বাসিন্দা। লংথিয়ানপাড়ায় ডায়রিয়া আক্রান্ত মেয়েজামাইকে দেখতে এসেছিলেন। রাতে হঠাৎ তাদেরও ডায়রিয়া শুরু হয়। তাৎক্ষণিক ওষুধ খাওয়ার সুযোগ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এলাকায় এত গুরুতর অসুস্থ রোগী তেমন নেই। পুরোনো কয়েকজন রোগী দুর্বল অবস্থায় আছে। আমি কিছু ওষুধপত্র পাঠানোর চেষ্টা করছি।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ‘বুধবার স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ফেরার পর আজ আবার নতুন করে দুজন বয়স্ক লোক মারা গেছেন। তারা মূলত মেয়ের জামাইকে দেখতে গিয়েছিলেন। যতদিন মেডিকেল টিম কাজ করেছে ততদিন অবস্থার উন্নতি ছিল। মেডিকেল টিম ফেরার পর নতুন করে আবার রোগ দেখা দিয়েছে। আমরা আবার যোগাযোগ করছি ওষুধপত্রসহ নতুন করে টিম পাঠানোর জন্য।’
৭ জুন ভোররাতে গবতি বালা ত্রিপুরা ও দরুং ত্রিপুরা নামে দুই ব্যক্তির মৃত্যু হয় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। এ নিয়ে গত ১০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাজেকে চারজনের মৃত্যু হলো।