আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২১:৫১ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ২২:০৬ পিএম
ঢাকার আশুলিয়ায় ঝড়ের সময় দোতলা একটি ভবনের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রবা ফটো
ঢাকার আশুলিয়ায় ঝড়ের সময় দোতলা একটি ভবনের দেয়াল ধসে শামীম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার গাজিরচট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামীম হোসেন মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় ও আহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় ঝড় শুরু হলে অনারারি ক্যাপ্টেন (অব.) মো. রিয়াজ উদ্দিনের মালিকানাধীন দোতলা ভবনের একটি দেয়াল ধসে চায়ের দোকানের ওপর পড়ে যায়। এতে চায়ের দোকানে থাকা ছয় ব্যক্তি দেয়ালের নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শামীম হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’