সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ১৬:২০ পিএম
গ্রেপ্তার চোর ও ছিনতাইকারী চক্রের ১১ সদস্য।
বাকিতে মাদক সেবন করে সেই টাকা পরিশোধ করতে সংঘবদ্ধ চোরচক্র গড়ে তোলেন বেশ কয়েক যুবক। একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে এমন একটি চক্রের আট সদস্য ও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফী।
চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-- পটুয়াখালী জেলার মো. সোহেল, কুষ্টিয়া জেলার রিপন ওরফে চান্দি রিপন, হাসেম ড্রাইভার, মো. রবিউল ইসলাম, স্বপন, আঞ্জু বেগম, রাজা মিয়া ও নাসিমা বেগম।
এ ছাড়া গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন-- সাভারের মো. সোহাগ, রাফজান জনি রাফি ও সৈয়দ রবি হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, ‘আমরা একটি ব্যতিক্রমী চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি-- যারা চুরি করা স্বর্ণালংকারের বিনিময়ে মাদক কিনে সেবন করতেন। চক্রটি বাকিতে মাদক কিনে সেবন করত। তারা লাখ লাখ টাকার মাদক বাকিতে সেবন করত। অনেক সময় চুরি করা স্বর্ণালংকার দিয়ে তা পরিশোধ করে অগ্রিম হিসাবে রাখত মাদকসেবীরা। আমরা একটি চুরির মামলা তদন্ত করতে এই চক্রের সন্ধান পাই।’
তিনি জানান, ওই চক্রের আট সদস্যসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০ ভরি চোরাই স্বর্ণালংকার ও চোরাই স্বর্ণালংকার বিক্রির ২৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার অধিকাংশ আসামির বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, আলাদা আরেকটি অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ও ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
দুপুরে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।