পঞ্চগড় ও ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩০ পিএম
নিখোঁজদের সন্ধানে করতোয়ার পাড়ে স্বজনেরা। সংগৃহীত ছবি
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনে আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত ১৪ জন।
দুর্ঘটনার তৃতীয় দিনে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দীপঙ্কর রায় জানান, ৫১ জনের লাশ উদ্ধারের পর সোমবার রাতে অভিযান স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার ভোর ৬টা থেকে আবার নদীতে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা।
বেলা দেড়টা পর্যন্ত বোদা উপজেলার আউলিয়ার ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজন বাদে সবার পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।
পরিচয় পাওয়া ১১ জন হলেন শৈলবালা (৫১), সনেকা রানী (৫৫), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মণ (৩২), মহেন চন্দ্র (৩০), ভূমিকা রায় পূজা (১৫), আঁখি রানী (১৫), সুমি রানী (৩৮), পলাশ চন্দ্র (১৫), ধৃতি রানী (১০) ও সজীব রায় (১০)। লাশগুলো মারেয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গত রবিবার বেলা দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
প্রবা/রাই/এমজে