পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৪:৪৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩ ১৫:৪৫ পিএম
গ্রেপ্তার দুই জ্বীনের বাদশা। প্রবা ফটো
ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নিজেদের জ্বীনের বাদশা দাবি করা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাবনার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে পাবনা, গাইবান্ধা এবং বগুড়ার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলার মিরুপাড়া এলাকার মো. আব্দুর রশিদ এবং একই এলাকার মো. আবু মিয়া। তাদের প্রতারণার শিকার আরব আলী প্রাং পাবনার চাটমোহর উপজেলার সারোরা পুর্বপাড়ার মৃত আছের উদ্দিনের ছেলে।
পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, প্রায় ছয় মাস আগে মো. আরব আলী চাটমোহর নতুন বাজারে নাইট গার্ডের ডিউটি করার সময় তার ফোনে কল করে এক ব্যক্তি নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দেন। এরপর ধর্মীয় নানা বিষয়ে মিথ্যা বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে আরবের কাছ থেকে বিকাশের মাধ্যমে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। এসব কথা কাউকে জানালে তার পরিবারের যেকোনো সদস্য মারা যাবে বলে ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে। পরে ১৩ জুন পুনরায় কল করে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে জায়নামাজ কেনার জন্য ২১ হাজার টাকা চান। এরপর ভুক্তভোগী বিষয়টি পরিবারের কাছে জানালে তাদের সহযোগিথায় চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেন।
তিনি বলেন, অভিযোগের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনা করে পাবনা ডিবির একটি টিম অভিযানে নামে। পরে পাবনা, গাইবান্ধা এবং বগুড়ার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জ্বীনের বাদশা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং যে সকল বিকাশ নম্বরে টাকা নিয়েছে, সেই নম্বরসহ অনেকগুলো সিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুইজন দীর্ঘ দিন ধরে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে সহজ সরল ধর্মভীরু মানুষকে টার্গেট করে। এরপর গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ও জ্বীন দিয়ে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলেও জানান পুলিশ সুপার।