চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৩:৩২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩ ১৪:০২ পিএম
চট্টগ্রামের জামালখান মোড়ে বুধবার বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়। প্রবা ফটো
চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহনানের ছবি ও মুর্যাল ভাংচুরের ঘটনায় নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নোসাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দোনলা বন্দুক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামানিক। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ছবি দিয়ে দেয়ালচিত্র বানানো হয়েছিল। এগুলো বুধবার বিকালে ভেঙে ফেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব সিদ্দিকী, বাকলিয়া ওয়ার্ডের ৪নং ইউনিট ছাত্রদলের সভাপতি এরফান, বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী নুরুল ইসলাম প্রকাশ মাসুম, চাঁন্দগাও থানা যুবদল কর্মী ইমন খান ও বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী মহিউদ্দিন হাসান ইমন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ করে বিএনপি। বহদ্দারহাট ও চকবাজার থেকে আসা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা চকবাজার, গণিবেকারি হয়ে জামালখান মোড়ে আসতেই কাচের তৈরি বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙতে শুরু করে। কাজিরদেউরি নাছিমন ভবনের সামনে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।