ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২০:২৩ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩ ২০:৩৮ পিএম
প্রতীকী ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে মো. জসিম উদ্দিন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জুন) রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকায় এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন একই উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকার জমদ্দার বাড়ির আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, জসিমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর বিবাদ হয়। এতে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। ঘটনার দিন বিকালে স্ত্রীকে আনতে জসিম শ্বশুরবাড়িতে যায়। পরে রাতের বেলা বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লোকজন মরদেহ দেখতে পায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।