প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ২১:২৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ২২:২৫ পিএম
বরিশালে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার আবুল খায়ের আব্দুল্লাহ।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। ১২৬ কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। রাত সোয়া ৯টায় রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বরিশাল শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
বিকাল ৪টার কিছু পর থেকেই বিভিন্ন কেন্দ্রের ফল আসতে থাকে। শুরু থেকেই ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। ১২৬ কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনপ্রক্রিয়া পর্যবেক্ষণে ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয় করপোরেশনে।
এই সিটিতে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন লড়ছেন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।