বরিশাল সিটি নির্বাচন
বরিশাল অফিস
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৮:৩৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৯:২৫ পিএম
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে আসেননি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল সিটিতে এবার নৌকার মাঝি হয়েছেন চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। চাচা-ভাতিজা ভোটারও একই কেন্দ্রের। তবে চাচার নির্বাচনে ভোট দিতে আসেননি বর্তমান মেয়র।
জানা গেছে, খোকন সেরনিয়াবাত ও সাদিক আবদুল্লাহ নগরের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ভোটার। সোমবার (১২ জুন) এই কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাত। তবে দলীয় মনোনয়ন না পাওয়ার পর এখন পর্যন্ত বরিশালে ফেরেননি বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ। বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছেন তিনি। নগর ভবনের কাজও করছেন ঢাকায় বসেই।
ভোট প্রয়োগ শেষে নৌকার মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের কাছে সাংবাদিকরা জানতে চান, ভাতিজা সাদিক ভোট দিতে আসবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমি তা জানি না।’
খোকন সেরনিয়াবাতের বড় ভাই বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ। এবারও সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। তবে ১৫ এপ্রিল বরিশালে মেয়র পদে দলের মনোনয়ন পান চাচা খোকন সেরনিয়াবাত।
এর আগে থেকেই চাচার সঙ্গে বিভেদ ছিল বর্তমান মেয়রের। মনোনয়নবঞ্চিত হওয়ার পর এই বিভেদ আরও প্রকাশ্যে আসে। দলীয় মনোনয়ন ঘোষণার আগে থেকেই সাদিক আবদুল্লাহ বরিশালের বাইরে ছিলেন। মনোনয়ন না পেয়ে আর বরিশালে ফেরেননি তিনি। আওয়ামী লীগের নেতাকর্মী হওয়া সত্ত্বেও সাদিক আবদুল্লাহ ও তার বাবা আবুল হাসানাত আবদুল্লাহর অনুসারীদের প্রথম দিকে খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করতে দেখা যায়নি।
পরে চাচা-ভাতিজার বিভেদ মেটাতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমন্বয়ে গণভবন থেকে কমিটি করে দেওয়া হয়। শেষ পর্যন্ত দুই ভাই খোকন সেরনিয়াবাত ও আবুল হাসানাত আবদুল্লাহ একই মঞ্চে উঠলেও নগরীতে ফেরেননি সাদিক আবদুল্লাহ। তবে তার অনুসারীদের নৌকার পক্ষে কাজ করার জন্য বলেছেন বলে জানান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সবকিছুর পরও সাদিক ও হাসানাতপন্থিরা ভোটের রাজনীতিতে খোকন সেরনিয়াবাতের পক্ষে থাকবেন কি না, তা নিয়ে সন্দেহ কাটেনি। ভোটের আগে রবিবার নিজ নির্বাচনী কার্যালয়ে সর্বশেষ সংবাদ সম্মেলন করেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত। এ সময় ভোটের দিন ভাই ও ভাতিজার ভূমিকা কী হবে, এমন প্রশ্নের জবাব দিতে পারেননি নৌকার প্রার্থী। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’