× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়িয়াল খাঁ নদে অভিযান : রক্ষা নাকি শাসন?

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ০০:৩০ এএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১২:২৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। এ সময় ৯ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রবিবার (১১ জুন) দুপুরে এ অভিযান চালানো হয় উপজেলার হাজী শরীয়ত উল্লাহ সেতুসংলগ্ন ভাঙ্গা-ঢাকা রেলসেতুর নিচে। অভিযান পরিচালনা করেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল ইসলাম, শিবচর থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা।

অভিযান নিয়ে প্রশ্ন তুলেছে রেল বিভাগ। তারা বলছে, সেখানে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে না। নদের শাসন কাজ চলছে। এ জন্য নদের তীর রক্ষায় ড্রেজার দিয়ে বালু তুলে ডাম্পিং করা হচ্ছে।

ড্রেজিংয়ে কর্মরত চীনা প্রকৌশলীদের দোভাষী আব্দুল আজিজ বলেন, ‘তারা একটি বার্জ ও ৯ জন কর্মচারীকে আটক করেছে। এতে সেতু রক্ষা কাজ ব্যাহত হবে। বারবার বলার পরও তারা আমাদের কোনো কথা শোনেনি। রেল প্রকল্পের কাজে এমন অভিযান কখনও কাম্য নয়।’

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সহকারী নদীশাসন বিশেষজ্ঞ বুলবুল আহমেদ জানান,  রেললাইনের সব সেতুতেই এভাবে নদীশাসনের কাজ করা হয়েছে। আড়িয়াল খাঁ রেলসেতুর নিচে নদের গতিপথ ঠিক রাখতে বালুর বস্তা দিয়ে ডাম্পিং করে সিসি ব্লক দেওয়া হচ্ছে। নদের দুই পাড়ে ১৫ মিটার পর্যন্ত গভীর করতে হবে। এটির জন্য ২০২০ সালে অনুমোদন নেওয়া হয়। কাজ শুরু হয় গত ৫ জুন।

তিনি বলেন, ‘গভীরতা সৃষ্টি করতে ড্রেজার ব্যবহার করা হয়েছে। যেমনটি আমরা পদ্মা সেতুর বেলায়ও নদীশাসনের কাজ করেছি।’

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী জানান, নদীতে যেকোনো স্থাপনার ১ কিলোমিটারের মধ্যে মাটি বা বালু উত্তোলনের নিয়ম নেই। এটা দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসীর অভিযোগ পেয়ে এখানে অভিযান চালানো হয়েছে। 

জানতে চাইলে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, ‘শাসনের প্রয়োজনে সেতু কর্তৃপক্ষ এ কাজ করতে পারে। অভিযানের সময় আমরা বিষয়টি জানতে পেরেছি এটা রেলসেতু কর্তৃপক্ষের কাজ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা