চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুন ২০২৩ ২১:২০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ২১:৫৫ পিএম
প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে জানাতে শনিবার সংবাদ সম্মেলন করে জলিল-জাহান ফাউন্ডেশন। প্রবা ফটো
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া ও এর আশপাশের এলাকার মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে শুরু হতে যাচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩’। এটির উদ্যোগ নিয়েছে জলিল-জাহান ফাউন্ডেশন। আগামী ১৭ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ২০ জুলাই। দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নগদ ১৫ লাখ টাকা পুরস্কার। এ ছাড়াও বিজয়ী সেরা ৬ জনকে সপরিবারে ওমরা হজ করানোর পরিকল্পনা আছে আয়োজকদের।
শনিবার (১০ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এসব জানান।
তিনি জানান, সাতকানিয়া উপজেলার কেরানীহাট সী-ওয়ার্ল্ডে দুটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা হবে। প্রথম ক্যাটাগরিতে (৩০ পারা) প্রথম পুরস্কার ১ লাখ, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার এবং চতুর্থ থেকে ১০ স্থান অর্জনকারীদের জন্য থাকছে ১০ হাজার টাকা করে পুরস্কার। এ ছাড়া দ্বিতীয় ক্যাটাগরিতে (১৫ পারা) প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার ও তৃতীয় পুরস্কার ১৫ হাজার এবং চতুর্থ দশম স্থান অর্জনকারীরা পাবেন ৫ হাজার টাকা করে পুরস্কার।
উপজেলা পর্যায়ে এমন প্রতিযোগিতা আয়োজনের বিষয় ব্যাখ্যা করে জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ক্ষুদে হাফেজরা আন্তর্জাতিকমণ্ডলে বিভিন্ন দেশের হাজারও প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে দেশের জন্য সুনাম ও সম্মান বয়ে আনছে। এর অন্যতম কারণ দেশে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতাগুলো। কারণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলোতে শীর্ষস্থান অর্জনকারীরাই পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করছে। এসব প্রতিযোগিতা ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের পবিত্র কুরআন হিফজ ও তাজবিদের প্রতি অধিক যত্নবান হতে অনুপ্রাণিত করে এবং এ ধরনের প্রতিযোগিতাগুলোকে কেন্দ্র করেই প্রতিবছর বাংলাদেশে তৈরি হচ্ছে বিশ্বমানের হাফেজে কুরআন।’
তিনি বলেন, ‘প্রাথমিক ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা শেষ হওয়ার পর আগামী ১৯ আগস্ট সাতকানিয়ার কেরানীহাটে সী-ওয়ার্ল্ড রিসোর্টে সব প্রতিযোগী, সংশ্লিষ্ট শিক্ষক, সাতকানিয়া-লোহাগাড়ার সব বীর মুক্তিযোদ্ধা, সব মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন, প্রশাসনের স্থানীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাতকানিয়া-লোহাগাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের জন্য মেজবানের আয়োজন করা হবে।’