ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ২০:০৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ২০:৩৬ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে বন্যা, আক্তার, ফারহান, মুসলিম, শামীম, আমিন, আলম, মনিরুল ও মোজাম্মেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। পরে গুরুতর আহত বন্যা, শামীম ও আমিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জুন) বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে মানিকদী নয়াহাটির খামাইরা বংশের হুমায়ুন গ্রুপ ও হাবিব মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় এলাকায় একটি বাউল গানের আসরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। সকাল ৯টায় দুই পক্ষের মাতাব্বররা আগামী ১২ জুন দরবার শালিসের সময় নির্ধারণ করেন। কিন্তু উভয়পক্ষ শালিস না মেনে বেলা ১২টার দিকে লাঠি-সোঁটা, দা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নারী পুরুষসহ উভয় পক্ষের ২০ জন আহত হন।
স্থানীয়রা আরও জানান, প্রতি বছরই খামাইরা বংশের দুই গ্রুপ তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ খান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষ হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ভৈরবে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঐক্যবদ্ধ হলে এ সংঘর্ষের সৃষ্টি হতো না। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।