বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১১:০০ এএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৪:১২ পিএম
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়। শনিবার (১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় ভিড়ে জাহাজটি।
২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। শনিবার সকাল থেকেই এটি থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে।
বিদেশি জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন খন্দকার রিয়াজুল হক। তিনি বলেন, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।
এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন এবং ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে এসেছিল।
এদিকে কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র এবং ৯ জুন বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। সেই দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এমভি জে হ্যায়।