আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ২১:০৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৪:৫৮ পিএম
প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার প্রায় ২৮ ঘণ্টা পর সচল হয়েছে। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সার্ভার সচল হয়। প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্ভার জটিলতার বিষয়টি জানালে রাতেই ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে কাজ শুরু করে। আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে সার্ভার সচল হয়।’
এর আগে গত বৃহস্পতিবার সকালে সার্ভারে ত্রুটি দেখা দিলে সাময়িক সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন অফিস সূত্রে জানা গেছে, আখাউড়া ইমিগ্রেশন অফিসে তিনটি কম্পিউটার ডেস্ক রয়েছে। এর মধ্যে দুটি ডেস্কে বহির্গমন এবং এটিতে আগমনী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সার্ভারে জটিলতা দেখা দিলে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় ভারত- বাংলাদেশগামী শত শত যাত্রী আটকা পড়ে। এতে নারী শিশুসহ রোগীরা ভোগান্তিতে পড়ে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ে তারা। ইমিগ্রেশন এলাকাটি ছোট হওয়ায় বসার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় রোগী, শিশু ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হয়েছে সবচেয়ে বেশি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে রাতেই ইঞ্জিনিয়ার এসে সার্ভার মেরামতের কাজ শুরু করেন।