সিলেট অফিস
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৯:৩১ পিএম
মাজারে চড়ানোর জন্য গিলাফ নিয়ে যাচ্ছে ভক্তরা। প্রবা ফটো
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৭০৪তম ওরস শুরু হয়েছে। শুক্রবার (৯ জুন) সকালে মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরস শুরু হয়। আজ শনিবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শেষ হবে।
ওরসকে কেন্দ্র করে দেশ-বিদেশের লাখো ভক্তের মিলন মেলায় পরিনত হয়েছে মাজার প্রঙ্গণ। প্রতি বছর ১৯ ও ২০ জিলকদ এ ওরস অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাতে পশু জবাই ও শিরনি তৈরির প্রস্তুতির মাধ্যমে ওরসের কার্যক্রম শুরু হয়।
ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকালে মাজারে গিলাফ চড়ান সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
এ সময় আনোয়ারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতি বছর ওরসের সময় মাজারে গিলাফ প্রদান করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রধানমন্ত্রী সিলেটের মানুষের আবেগ-অনুভূতির সঙ্গেও সম্পৃক্ত।
গতকাল সারা দিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মাজারে চড়ানোর জন্য গিলাফ নিয়ে আসেন। রাতে খতমে সফিনা, কোরআনখানি, জিকির ও ইবাদতের মাধ্যমে সময় কাটান ভক্ত-আশেকানরা।
আজ ফজরের নামাজের পর আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ওরসের আনুষ্ঠিকতা শেষ হবে। এ বছরও ওরসে মাজারের ভক্ত-আশেকানরা শতাধিক গরু-খাসি মানত করেছেন।
১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ জন সফর সঙ্গী নিয়ে ইসলাম প্রচারের জন্য সিলেটে আসেন হযরত শাহজালাল (রহ.)। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি মৃত্যুবরন করেন, তার বসবাসের জায়গায় তাকে দাফন করা হয়।