ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৭:২০ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ১৯:২৯ পিএম
আহতদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রবা ফটো
ভোলার বোরহানউদ্দিনের খায়ের হাট এলাকায় এ আর পরিবহন নামে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস স্টিয়ারিং ভেঙে উল্টে ডোবায় পড়ে গেছে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
শুক্রবার (৯ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রুহুল আমীন বলেন, ’বাসটি চরফ্যাশন ও লালমোহন থেকে ১৫ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। বাংলাবাজার ও ভোলা শহরের আরও দুটি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বরিশাল হয়ে বাসটি খুলনায় পৌঁছনোর কথা ছিল।’
তিনি বলেন, ’দুর্ঘটনাকবলিত বাসটিতে ১৫ জনের মতো যাত্রী ছিল। গাড়িটি ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ স্টিয়ারিং ভেঙে পাশের ডোবায় পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আবু তাহের নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।’