× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৮:০৭ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৮:৩২ পিএম

পাবনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। প্রবা ফটো

পাবনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। প্রবা ফটো

কেন্দ্রঘোষিত বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি শেষ করে ফেরার পথে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালপুরে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাওয়ার হাউস পাড়ার বিদ্যুৎ অফিসের দিকে রওনা হয়। কিন্তু পথে বড় ব্রিজের মাথায় পুলিশ মিছিলটি আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হয়। তারা পরে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে।

একই সময়ে পাবনা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেলের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। বিএনপির নেতাকর্মীরা সমাবেশ শেষে ফেরার পথে লতিফ টাওয়ারের সামনে এলে অবস্থান নেওয়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ অনেকে আহত হয়েছেন।

এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা চলে যাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ সময় আওয়ামী বাহিনী অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমাদের জেলা আহ্বায়কসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

তবে হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘আমাদেরও শান্তি সমাবেশ চলছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আসার পথে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র। বিরোধী কারও ওপর হামলা চালানোর নির্দেশনা নেই।’

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডিএম হাসিবুল বেনজীর বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের সমাবেশের সময় পাশ দিয়ে বিএনপি নেতাকর্মীরা যাওয়ার সময় একটা হট্টগোল হয়েছে। কোনো হামলা হয়েছে কি-না, আমাদের জানা নেই। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা