সিলেট অফিস
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১২:০৮ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১৩:২০ পিএম
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৭টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের প্রাণ গেল।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম বাদশা মিয়া।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাদশা মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি ভিত্তিতে মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।’
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারের কুতুবপুরে ট্রাকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
জানা গেছে, পিকআপে ৩০ নির্মাণশ্রমিক ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ভবনের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। অন্যদিকে মুন্সীগঞ্জ থেকে আলু নিয়ে একটি ট্রাক সিলেটে যাচ্ছিল। দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতুবপুরে দুই গাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহতদের ওসমানী হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেলেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও পিকআপের চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তারা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’