শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৯:১৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ২০:৫১ পিএম
আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। প্রবা ফটো
শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় কাজল আকতার নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় আরও তিনজনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
বুধবার (৭ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম বাবু চৌকিদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- জুয়েল খান, তানভীর হোসেন ও ফারুক সরদার।
আদালত প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত জানায়, জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবার পাবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আ্যডভোকেট ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালের ২১ অক্টোবর রাতে বাবু চৌকিদার তার সহযোগীদের নিয়ে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করে। আদালত আজকের রায়ে কিছু অবজারভেশন দিয়েছেন। জানিয়েছেন, ভুক্তভোগীর সঙ্গে আসামি বাবুর প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর পরিবার বিষয়টি জেনে গেলে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বাবু ক্ষিপ্ত হয়ে ৩ বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের পরিকল্পনা করেন। ঘটনার দিন তারা স্বেচ্ছায় শারীরিক মেলামেশা করেন। পরে বাবু কিশোরীকে তার তিন সহযোগীর সঙ্গে মেলামেশা করতে বলে। রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করেন। পরে চারজন মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে।
মামলার বাদী ভুক্তভোগীর বাবা আলাউদ্দিন ছৈয়াল বলেন, দুই-তিন বছর ধরে মেয়ের হত্যার বিচারের জন্য আদালত ঘুরছি। আজ সঠিক বিচার পেয়েছি। আমার মতো কোনো বাবার বুক যেন খালি না হয়। এখন একটাই দাবি, উচ্চ আদালতে যেন আসামিরা খালাস না পায়। দ্রুত যেন ফাঁসি কার্যকর হয়। তাহলে মেয়ের আত্মা শান্তি পাবে।