কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২০:৩৭ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ২০:৪০ পিএম
কসবা সীমান্তহাটে বৈঠক করেছেন দুই দেশের পরিচালনা কমিটি। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ-ভারত সীমান্ত হাট পুনরায় চালুর ব্যাপারে দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পর্যায়ে বৈঠক হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে কসবা সীমান্ত হাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধান করে সীমান্ত হাট খোলার সিদ্ধান্ত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার এডিএম হেলেনা পারভীন এবং ভারতের পক্ষে সিপাহীজলার এডিএম জয়ন্ত দে নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে উভয় দেশের সাতজন করে উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘ তিন ঘন্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দুদেশের প্রতিনিধি দল। তারা জানান, আলোচনা ফলপ্রসু হয়েছে। আগামী ১৪ জুন দুদেশের প্রকৌশলীরা হাটের ক্ষতিগ্রস্থ অবকাঠামো পুননির্মার্ণের কাজ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী এক মাসের মধ্যে হাটের যাবতীয় সমস্যা সমাধান করে চালুর সিদ্ধান্ত হয়েছে।
২০১৫ সালের জুনে কসবার তারাপুর-কমলাসাগর সীমান্ত হাটটি উদ্বাধন করা হয়। পরে মহামারি করোনার সময় ২০২০ সালে বন্ধ হয়ে যায়। বর্তমানে সীমান্ত হাট খুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ও ত্রিপুরার জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকায় হাটের সীমানা প্রাচীর, দোকানপাট ও কার্যালয়সহ বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়ে ঝোপঝাড় হয়ে আছে।