গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৯:৫৩ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ২০:৩৬ পিএম
রাইস মিলের বয়লার বিস্ফোরণে দেয়াল ধসে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। প্রবা ফটো
গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে দেয়াল ধসে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) ভোরে সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মনোরমা রাইস মিলের বয়লার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম মোল্লা হরিদাসপুর পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী নিপা বেগম দীর্ঘদিন ধরে রাইস মিলটিতে শ্রমিকের কাজ করে আসছেন। মিলের বয়লারের পাশে একটি ঘরে বাস করতেন তারা। আহত দুই শিশু রোমানা ও মোস্তাকিম তাদের সন্তান।
সদর থানার ওসি জাবেদ মাসুদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে শ্রমিক নিপা বেগম, তার স্বামী ও দুই সন্তান নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়েছিলেন। মঙ্গলবার ভোরে সে কাজ করতে বের হন। পরে হঠাৎ রাইস মিলের বয়লার বিস্ফোরণ হলে দেয়াল ধসে চাপা পড়েন নুর ইসলাম ও তার দুই সন্তান। এতে ঘটনাস্থলেই নিহত হন নুর ইসলাম। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় ফায়ার সর্ভিস। পরে দুই শিশুর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ময়নাতদন্তের জন্য নুর ইসলাম মোল্লার মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি জাবেদ মাসুদ।