কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ১৯:২৫ পিএম
বালুভর্তি ট্রাক্টরের চাকার বেয়ারিং ভেঙে এই দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো
বালুভর্তি ট্রাক্টরের চাকার বেয়ারিং ভেঙে যায়। রাস্তায় ওই চাকা মেরামত করতে গাড়ির নিচে ঢুকে যান চালক। চাকা মেরামত হলেও বেরোনোর আগেই জ্যাক থেকে গাড়ি পিছলে চাপা পড়ে মৃত্যু হয় তার।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জুন) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সড়কের আছিয়ার বাজার এলাকায়। নিহত চালকের নাম একরামুল হক। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বাসিন্দা।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ। তিনি বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবার দাফন করেছে।’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শ্যালো মেশিন চালিত ট্রাক্টরে বালু পরিবহন করতেন একরামুল। মঙ্গলবার সকালে বালুবোঝাই ট্রাক্টর আছিয়া বাজারের কাছে পৌঁছার পর একটি চাকার বেয়ারিং নষ্ট হয়। পরে সড়কের পাশে দাঁড় করিয়ে জ্যাকের মাধ্যমে গাড়ি উপরে উঠিয়ে চাকা ঠিক করে তিনি। কাজ শেষে বের হওয়ার সময় জ্যাক পিছলে গাড়ি চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যৃ হয় একরামুল হকের।