ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২০:৩৮ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৩ ২১:৫৯ পিএম
সংহতি সমাবেশে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন। প্রবা ফটো
পাহাড়ে সংঘাত জিইয়ে রাখার কারণে আজ সেখানে মৌলবাদী গোষ্ঠী প্রশিক্ষণ নিচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, পার্বত্যচুক্তির মাধ্যমে দেশের মানুষ আশার আলো দেখেছিল। দুঃখের বিষয় আজও তা বাস্তবায়ন হয়নি। জিয়াউর রহমান ক্ষমতার এসে পাহাড়ের সমস্যা সমাধান না করে সামরিক শক্তি প্রয়োগ করেন। যার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এরশাদের সামরিক শক্তির বিরুদ্ধে লড়েছিলাম। খালেদা জিয়া জনচাপে উদ্যোগ নিলেও চুক্তি করেননি।
সোমবার (৫ জুন) বিকালে পার্বত্যচুক্তি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
মেনন বলেন, ‘প্রস্তাবিত বাজেটে কোথাও আদিবাসীদের কথা নাই অথচ আমরা চেয়েছিলাম চুক্তি বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ থাকবে। আজ পাহাড়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হোটেল-মোটেল রিসোর্ট হয়েছে যার বদলা পাহাড়িরা দিচ্ছে। এসব উন্নয়ন পাহাড়ের মানুষের জন্য নয়, বাঙালিদের ভোগের জন্য।’
তিনি আরও বলেন, নিরাপত্তার চশমা দিয়ে দেখে বিচ্ছিন্নতার জিকির তুলে সেখানে সেনা শাসন জিইয়ে রাখা চলবে না। চুক্তির দীর্ঘ ২৫ বছর অতিবাহিত হচ্ছে, আমাদের আর বসে থাকলে হবে না। আমাদের সবাইকে এক হয়ে দাবির পক্ষে লড়তে হবে। আজ আমাদের একটাই দাবি, এ চুক্তি বাস্তবায়ন করতেই হবে।
সিপিবি ময়মনসিংহ জেলা সভাপতি এমদালুল হক মিল্লাতের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আদিবাসী ফোরামের সহ-সভাপতি অজয়সহ প্রমুখ।