বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৯:৪৮ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৩ ১৯:৫৮ পিএম
ইউপি সদস্য অপূর্ব মন্ডল। ছবি : প্রবা
বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) অপূর্ব মন্ডলের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জুন) রাতে ওই শিক্ষার্থীর মা অপূর্বের বিরুদ্ধে চিতলমারী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ তুলে নিতে ইউপি সদস্য ও তার লোকজন হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছে কলেজ ছাত্রীর পরিবার।
অপূর্ব মন্ডল চিতলমারী উপজেলার চরবানিয়ারী বাওয়ালীপাড়া গ্রামের বািসন্দা ও চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
ওই কলেজ ছাত্রীর মা বলেন, 'দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া-আসার পথে অপূর্ব মেম্বার আমার মেয়েকে উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে তাকে অনেক বার অনুরোধ করেছি। তারপরও সে আমার মেয়ের ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শুক্রবার বেলা সাড়ে ১২টায় স্থানীয় রমেশ বিশ্বাসের বাড়ির সামনে বসে অপূর্ব মন্ডল ও তার ভাই নিমাই মন্ডল আমার এবং আমার মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অপূর্ব লাঠি দিয়ে আমার সারা শরীরে এলোপাতাড়ি মারতে থাকে। আমার মেয়ের কাপড়-চোপড় টেনেহিচড়ে শ্লীলতাহানী ঘটায়।'
তিনি বলেন, 'পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শনিবার রাতে অপূর্ব মন্ডল ও তার ভাই নিমাই মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করি। এরপর থেকেই অপূর্ব ও তার লোকজন অভিযোগ তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছে। আমি অপূর্বর সঠিক বিচার চাই।'
অভিযোগ অস্বীকার করে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য অপূর্ব মন্ডল বলেন, 'আমি এ ধরনের কোনো কাজ করিনি। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।'
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, 'কলেজছাত্রীর মা অপূর্ব মন্ডল ও তার ভাই নিমাই মন্ডলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'