× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি আ.লীগ ও ‘বিদ্রোহী’, উত্তপ্ত পরিস্থিতি

নুপা আলম, কক্সবাজার

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৩:৩৯ পিএম

কক্সবাজার পৌর ভবন। ফাইল ফটো

কক্সবাজার পৌর ভবন। ফাইল ফটো

কক্সবাজার পৌরসভার নির্বাচনের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী মুখোমুখি অবস্থানের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আগামী ১২ জুন অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটাররা মনে করছেন, মূল লড়াই হবে নৌকা প্রতীকের মাহবুবুর রহমান চৌধুরী, নাগরিক কমিটির ব্যানারে নারিকেল গাছ প্রতীকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মাসেদুল হক রাশেদের মধ্যে। 

এবারের নির্বাচনে বিএনপি-জামায়াতের কোনো প্রার্থী নেই। মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জোছনা হক (তিনি আরেক স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী মাসেদুল হক রাশেদের স্ত্রী), হেলমেট প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া এবং হাতপাখায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জাহেদুর রহমান।

সাধারণ ভোটারদের দাবিÑ মূল লড়াই হবে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থী ঘিরে। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ওই দুই প্রার্থীকে ঘিরে দলীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ছেন। একই সঙ্গে পরস্পরবিরোধী অভিযোগ, একে অপরের নেতাকর্মীদের প্রকাশ্যে এবং মোবাইল ফোনে হুমকি প্রদান, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের প্রবীণ এবং বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ ক্রমাগত সংঘাতময় হয়ে উঠতে পারে। 

গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা বরাবর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি আবেদন করেছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান। এতে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী রাশেদের ভাই শাহিদুল হক মার্শাল নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার ও জেলা পরিষদের বরাদ্দের চেক প্রদান করছেন। একই সঙ্গে তার ছোট ভাই কায়সারুল হক জুয়েল সরকারি গাড়ি ব্যবহার এবং গাড়িতে লাইসেন্স করা অস্ত্র নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এই দুই ভাই নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি এবং বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তারা কলো টাকা বিতরণ, নৌকার সমর্থকদের প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, প্রার্থী মাহবুবের এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার রাতে মাসেদুল হক রাশেদের এক নারী সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করা হয়েছে। জেলা ডিবি পুলিশের ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে শহরের বাহারছড়া স্কুলের বিপরীতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের বাড়ির সামনে নারিকেল প্রতীকের পক্ষে একদল নারী একটি বিশেষ টোকেন প্রদানকালে বেশকিছু টোকেন জব্দ করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি দেখে নারীরা টাকাসহ দ্রুত জসীমের বাড়িতে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। ডিবি পুলিশ বাড়িটি ঘিরে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এলে স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, তার ভাই জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালসহ অনেকেই সেখানে ছুটে আসেন। তারা বাড়িটির সামনের রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বাড়ির ভেতরে প্রবেশ করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। টানা ২ ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনাকে সরকারদলীয় প্রার্থীর সাজানো ষড়যন্ত্র বলে দাবি করেছেন মাসেদুল হক রাশেদ। তিনি বলেছেন, নির্বাচনে তার প্রচারণায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব প্রশাসনকে ব্যবহার তার কর্মী-সমর্থকদের হয়রানি করছেন, বিনা কারণে অভিযান ও জরিমানা আদায় করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে নির্বাচনী কার্যালয় বন্ধ করা হচ্ছে, পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, জেলা নির্বাচন কার্যালয়ের একটি চিঠি হাতে পৌঁছেছে। এটা তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেয়া হবে। কমিশনের সিদ্ধান্ত মতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা