× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, হাসপাতালে ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১০:০২ এএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৫:৩০ পিএম

মধ্যরাতে শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, হাসপাতালে ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজের ট্যাংকারের পাম্প হাউজে বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে জাহাজটির স্টাফ আ. মান্নান রাহাদ জানান, জাহাজের ইঞ্জিনরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন ধরে যায়।

শনিবার (৩ জুন) রাত ১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গাজী ব্রিজসংলগ্ন দরিকান্দি ডকইয়ার্ডে ‘ওটি সাংহাই এইট’ জাহাজে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন - জাহাজটির স্টাফ আ. মান্নান রাহাদ, হুমায়ুন কবির, তাজুল ইসলাম লিমন, ইমতিয়াজ আহমেদ, রুবেল, সোহেল, নাজমুল ও রাকিব।

তাদের মধ্যে হুমায়ুনের শরীরের ৩০ শতাংশ, তাজুলের ৬৭ শতাংশ, ইমতিয়াজের ৩০ শতাংশ, রুবেলের ৪৫ শতাংশ ও সোহেলের ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে রাকিব, রাহাদ ও নাজমুলকে।

এই চিকিৎসক বলেন, ‘জাহাজের আগুনের ঘটনায় আটজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে চারজনেরই  শ্বাসনালী পুড়ে গেছে।’

জাহাজটির স্টাফ আ. মান্নান রাহাদ জানান, তারা জাহাজটিতে করে চট্টগ্রাম থেকে নরসিংদীতে তেল নিয়ে যান। সেখানে তেল আনলোড করে জাহাজ নিয়ে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তাদের ডকইয়ার্ডে ভেড়ান। রাত ১টার দিকে তারা যখন জাহাজটির ডেকের ওপরে ছিলেন তখন ইঞ্জিনরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই তাদের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তারা নদীতে লাফিয়ে পড়েন। এরপর সাঁতরে পাড়ে উঠেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে মধ্যরাতে হঠাৎ করে আগুন লাগে। আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে যায়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস আগুন নেভায়। এতে দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (রূপগঞ্জ) মো. আলম বলেন, ‘জাহাজের তেলের ট্যাংকারের পাম্প হাউজে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এরপর ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা