বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ০২ জুন ২০২৩ ১২:৫৯ পিএম
বরগুনায় আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে আদালত চত্বরে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম।
ফলক উন্মোচনের পর জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারপতি মো. সেলিম বলেন, ‘বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য প্রধান বিচারপতির নির্দেশে সারা দেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। ১ হাজার স্কয়ার ফিটের এ বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিন সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, পুলিশ সুপার আবদুস সালাম, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব দাস, পৌর মেয়র কামরুল ইসলাম মহারাজ প্রমুখ।