গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৩ ২০:২৬ পিএম
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লা খান পরাজিত হওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে মূল্যায়ন সভা করেছেন। সভায় অংশ নেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (৩১ মে) গাজীপুর-১ আসনের আওয়াতাধীন কাশিমপুর ও বসান থানা নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের বিভিন্ন কারণ উল্লেখ করেন নেতাকর্মীরা। তারা একে অন্যকে দোষারোপ করেন। দায়িত্ব পালনের অবহেলার কথা উল্লেখ করেন। এগুলো মন্ত্রী ও দায়িত্বশীল নেতাকর্মী নোট করেন।
মহানগরীর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আমাদের যে সকল নেতাকর্মী জানপ্রাণ দিয়ে কষ্ট করেছেন, তাদের বক্তব্য সাদা কাগজে লিখে দিলে পরবর্তীতে তাদের বক্তব্যগুলো বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে একসঙ্গেই চলতে হবে, তাই সামনাসামনি হয়তো অনেক কিছু বলতে পারবেন না। তাই আমরা চাই মাঠের প্রকৃত চিত্রটা আমাদের হাতে আসুক। সামনে নির্বাচন তাই এই লোকগুলোকে চিহ্নিত করা প্রয়োজন। যেন তারা জাতীয় নির্বাচনে ক্ষতি করতে না পারে।
মূল্যায়ন সভায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচনী কেন্দ্র কমিটির সকল নেতা, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধারাবাহিক মূল্যায়ন সভা চলবে আগামী ৮ মে পর্যন্ত। আগামী ৩ জুন সকাল ১০টায় কাউলতিয়া থানা, গাজীপুর সদর থানা, ৬ জুন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ৮ জুন টঙ্গির মুদাফা এলাকার ইন সিগনা রিসোর্টে সভা হবে। সেই সভায় উপস্থিত থাকবেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।