রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৯ পিএম
রুপনা চাকমার পরিবারকে টেলিভিশন উপহার দিচ্ছে উপজেলা প্রশাসন। ছবি : সংগৃহীত
টেলিভিশন না থাকায় ঘরে বসে খেলা দেখতে পারতেন না রুপনা চাকমার পরিবারের সদস্যরা। এমত অবস্থায় উপজেলা প্রশাসন তার পরিবারকে উপহার দিয়েছে টিভি আর ডিটিএইচ অ্যান্টেনা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে নানিয়ারচরের দুর্গম ভূঁইয়াদামে সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের এ গোলরক্ষকের ঘরে ৩২ ইঞ্চির একটি টেলিভিশন ও ডিটিএইচ অ্যান্টেনা বসিয়ে দিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।
রুপনার বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, রুপনার ছোট থেকে খেলার প্রতি আগ্রহ থাকায় পরিবার থেকে বাধা দেওয়া হয়নি। কিন্তু বাসায় টেলিভিশন না থাকায় ঘরে বসে রুপনার খেলা দেখার সুযোগ পেতাম না। মা প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেলা দেখত। এবার ঘরে বসে রুপনার খেলা দেখার আক্ষেপ ঘুচলো সবার।
টেলিভিশন পেয়ে রুপনার মা কালাসোনা চাকমা বলেন, ‘আমি অনেক খুশি। আমার মেয়ের খেলা দেখার জন্য পাশের বাড়িতে যেতে হতো। এখন নিজের বাসায় বসে রুপনার খেলা দেখতে পাব।’
রুপনার মা বলেন, ‘এর আগে রুপনাকে ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত সব প্রাপ্তিতে আমরা আনন্দিত।’
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ‘রুপনা আমাদের গর্ব। তার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করা হবে। আমরা সব সময় এই পরিবারের পাশে আছি ও থাকব।’
প্রবা/ইউরি/ এসআর